জিরানীয়া, ২৬ সেপ্টেম্বর : ত্রিপুরার বিভিন্ন প্রান্তে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মন্দির, মসজিদ, গির্জা থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি—কোনও জায়গাই যেন চোরের হাত থেকে নিরাপদ নয়। এবার চোরের দল হানা দিল জিরানীয়া থানাধীন নারায়ণ কামি এলাকার একটি ব্যাপটিস্ট চার্চে। চার্চ থেকে মিউজিক সিস্টেম ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, নারায়ণ কামি ব্যাপটিস্ট চার্চে শুক্রবার রাতের কোনও একসময় চোরের দল ঢোকে। চার্চের নিরাপত্তার সুযোগ নিয়ে তাঁরা সেখান থেকে মিউজিক সিস্টেম এবং একটি গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে চার্চ খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম নজরে আসে ডিকন জিতেন দেববর্মার। চার্চের জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন।
পরে খবর দেওয়া হয় জিরানীয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করে। কীভাবে চোরেরা চার্চের ভিতরে প্রবেশ করল, কোথা দিয়ে তাঁরা বেরিয়ে গেল এবং চুরির ঘটনায় কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর চার্চ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানেও এভাবে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু নারায়ণ কামি নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
গোটা ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানান নারায়ণ কামি ব্যাপটিস্ট চার্চের ডিকন জিতেন দেববর্মা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে, পুলিশ তদন্তের মাধ্যমে চুরির ঘটনার কিনারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

