পটনা, ১৩ নভেম্বর : বিহারের কাচ্চি দরগাহ-রাঘোপুর-বিদুপুর ছয় লেনের গঙ্গা সেতুর নাম রাখা হল ‘নীতীশ সেতু’। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্মানে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। শুক্রবার সমাজমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা করেন। আগামী ২১ নভেম্বর বিহার সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির উদ্বোধন করবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দিন বৈশালী জেলার রাজাপাকরে আয়োজিত একটি অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।
৫ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হয়েছে এই আধুনিক ছয় লেনের সেতু। প্রকল্পের জন্য এশীয় উন্নয়ন ব্যাঙ্কের কাছ থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বিহার সরকার। বাকি প্রায় ২ হাজার কোটি টাকা রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে খরচ করেছে।
২০১৫ সালে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬ সালে প্রকল্পের শিলান্যাস হয়েছিল। নির্মাণকাজ শেষ করতে প্রায় এক দশক সময় লেগেছে। সেতুটির প্রস্থ ৩২ মিটার। এর উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।
সেতুটি চালু হলে পটনার সবলপুরের সঙ্গে বৈশালী জেলার বিদুপুরের সরাসরি যোগাযোগ তৈরি হবে। জাতীয় সড়ক ১০৩-এর মাধ্যমে এই সংযোগ গড়ে উঠবে। পাশাপাশি পটনা-বখতিয়ারপুর বাইপাসের (এনএইচ-৩০) সঙ্গেও সেতুটির সরাসরি যোগাযোগ থাকবে।
সেতুটি পুরোপুরি চালু হলে পটনা, বৈশালী এবং উত্তর বিহারের অন্যান্য এলাকার মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। উন্নত সড়ক যোগাযোগের ফলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। পাশাপাশি এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

