আগরতলা, ২৬ সেপ্টেম্বর : সীমান্তবর্তী এলাকায় বিএসএনএল-এর নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের পরিষেবার মান উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা দূর করতে নতুন টাওয়ার স্থাপন এবং প্রয়োজনীয় নিয়ম-কানুনে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শনিবার আগরতলার কামান চৌমুহনীস্থিত বিএসএনএল-এর কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপুরা স্টেট টেলিকম অ্যাডভাইজারি কমিটির দ্বিতীয় বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পৌরহিত্য করেন কমিটির চেয়ারম্যান তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কমিটির অন্যান্য সদস্য এবং বিএসএনএল-এর আধিকারিকরা।
বৈঠকে ত্রিপুরায় বিএসএনএল-এর পরিষেবার সম্প্রসারণ, নেটওয়ার্কের মানোন্নয়ন, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় নেটওয়ার্ক পরিষেবা আরও কার্যকর করার ওপর।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা একটি পাহাড়ি রাজ্য হওয়ায় বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই সমস্যা দূর করতে বিএসএনএল-এর পরিষেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে বেশ কিছু নতুন টাওয়ার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
সীমান্ত এলাকায় বিএসএনএল-এর নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু নিয়ম-কানুনের কারণে সমস্যা তৈরি হচ্ছিল বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় অনেক সময় ভারতীয় সিমের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছিল না। অন্যদিকে বাংলাদেশের মোবাইল টাওয়ারের ফ্রিকোয়েন্সি সীমান্তবর্তী ভারতের প্রায় ১৫ কিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এর ফলে ওইসব এলাকায় বাংলাদেশি সিম ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছিল এবং অপরাধমূলক কাজে এর অপব্যবহারের আশঙ্কাও দেখা দিচ্ছিল।
বিপ্লব কুমার দেবের দাবি, পুরনো নিয়ম-কানুনের কারণে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে সেই ব্যবস্থার পরিবর্তন করে সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল নেটওয়ার্ককে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তার দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এদিন বিএসএনএলের ৪জি পরিষেবা নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বিএসএনএল-এর ৪জি পরিষেবার প্রসার এবং ভবিষ্যতে পরিষেবাকে আরও উন্নত করার বিষয়টি তুলে ধরেন। একইসঙ্গে বিএসএনএলের বর্তমান সিমগুলিকে ৫জি পরিষেবায় রূপান্তরের জন্য কী ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান।
বৈঠকে বিএসএনএল-এর পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকর করে তোলা এবং গ্রাহকদের সমস্যার দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হয়। ত্রিপুরার প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলে নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

