মুর্শিদাবাদ, ১৩ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম লালচাঁদ বাদশা (২৩)। তাঁর বাড়ি সাহেবনগর এলাকায়। তাঁর কাছ থেকে মোট ১,১৯৮ বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সাগরপাড়া থানার পুলিশ নটিয়াল বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন একটি নীল রঙের চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ‘ব্রঙ্কোফ-সি’ নামে কফ সিরাপের ১,১৯৮টি বোতল। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালচাঁদকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
শুক্রবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে কফ সিরাপ আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

