কুলতিতে অ্যান্টি-করাপশন ব্যুরোর অভিযান, গাড়ি পাস করানোর নামে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার এক

আসানসোল, ১৩ নভেম্বর : রামপুর এমভিআই চেকপোস্টকে কেন্দ্র করে দুর্নীতির তদন্তে বড়সড় পদক্ষেপ করল রাজ্যের অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি)। গাড়ি পাস করিয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে পাঁচু মণ্ডল নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালানো হয়। পাঁচু মণ্ডল রামপুর এমভিআই চেকপোস্টের অন্যতম প্রধান মধ্যস্বত্ত্বভোগী বলে পরিচিত।
শুক্রবার সূত্র মারফত জানা গিয়েছে, একটি পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন এসিবির আধিকারিকরা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে রামপুর এমভিআই চেকপোস্টে ঘুষ ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। একটি ট্রাক আটকে রেখে চালকের কাছ থেকে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর দুই আধিকারিককে বরখাস্ত করা হয় এবং পরে গ্রেফতারও করা হয়।
এবার পাঁচু মণ্ডলের গ্রেফতারিতে তদন্ত নতুন মোড় নিল। এই দুর্নীতিচক্রের পিছনে আরও কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *