রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ, উত্তেজনা ফরিদপুরে

দুর্গাপুর, ১৩ নভেম্বর : রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ফরিদপুর। বৃহস্পতিবার গভীর রাতে ৩৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।
শুক্রবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গভীর রাতে একদল দুষ্কৃতী তাদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। কার্যালয়ে থাকা দলীয় পতাকা, ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এমনকী বিজেপি নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কার্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার সংযোগের তারও ছিঁড়ে দেওয়া হয় বলে দাবি দলীয় নেতৃত্বের।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি নেতৃত্বের ছবিও নষ্ট করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
তবে এই হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *