সাতসকালে বালি হল্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান

বালি, ১৩ নভেম্বর : সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বালি হল্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে বাসস্ট্যান্ডের নিচে থাকা একটি বন্ধ দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
প্রথমে বালি ট্রাফিক পুলিশের নজরে আসে আগুনের ঘটনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালি দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চত্বরে প্রায় ১৪-১৫টি দোকান ছিল। দমকলকর্মীদের তৎপরতায় অধিকাংশ দোকান রক্ষা পেলেও চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
ঘটনাস্থলের পাশেই রয়েছে বালি স্টেশনের রেললাইন। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়িও। দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে মালগাড়িটি নিরাপদে রক্ষা পায়। রেল আধিকারিকদের আশঙ্কা, আগুন রেলের ওভারহেড বৈদ্যুতিক তার কিংবা কাছাকাছি থাকা সিগন্যাল বক্সে ছড়িয়ে পড়লে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। ব্যাহত হতে পারত ট্রেন চলাচলও।
তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *