হাওড়া, ১৩ নভেম্বর : বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দ মহারাজের চরণে বিজয়ার প্রণাম নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মঠের পবিত্র পরিবেশে প্রবীণ সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আজ বেলুড় মঠে গিয়ে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দ মহারাজের চরণে বিজয়ার প্রণাম নিবেদন করার পাশাপাশি তাঁর আশীর্বাদ ও শুভকামনা লাভ করার সৌভাগ্য হয়েছে। এদিনের সফরে মঠের আধিকারিক মহারাজদের সঙ্গেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। বেলুড় মঠের আধ্যাত্মিক পরিবেশের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, “মঠের এই পবিত্র পরিবেশে মহারাজদের সান্নিধ্য লাভ আমার কাছে এক পরম প্রাপ্তি। তাঁদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমার আগামী দিনের পথচলার পাথেয় হয়ে থাকবে।”

