রাতে চাষিদের জমিতে ষড়যন্ত্র করে আগুন লাগানো হচ্ছে, তোপ কপিল মিশ্রের

নয়াদিল্লি, ৯ নভেম্বর : দীপাবলি পরবর্তী দূষণ পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করেন, পঞ্জাবের কৃষকেরা যখন দীপাবলি উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে রাতের অন্ধকারে তাঁদের চাষের জমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্জাবের একাধিক শহরের আকাশছোঁয়া একিউআই সূচক এবং দিল্লির সামগ্রিক দূষণ হ্রাসের সরকারি পরিসংখ্যান পেশ করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল মিশ্র বলেন, “রবিবার সন্ধ্যা থেকেই আমাদের কাছে পঞ্জাবের বিভিন্ন প্রান্তের কৃষকদের একের পর এক ফোন আসছে। আমার কাছে এবং সরকারের একাধিক মন্ত্রীর কাছে কৃষকেরা অভিযোগ জানিয়েছেন, রাতের অন্ধকারে জমিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কৃষকেরা যখন নিজেদের পরিবারের সঙ্গে বাড়িতে দীপাবলি কাটাচ্ছিলেন, সেই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জমিতে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। প্রথমদিকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ হঠাৎ কারও চাষের জমিতে এভাবে আগুন লাগাতে পারে।”
পঞ্জাবের দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, “সোমবার সকালে পঞ্জাবের বিভিন্ন শহরের একিউআই পরিসংখ্যান দেখলেই পুরো চিত্র স্পষ্ট হয়ে যাবে। আজ ভোর ৫টায় মালউতে একিউআই রেকর্ড হয়েছে ১,২৩৮। আবোহরে একিউআই পৌঁছেছিল ১,৩০৭-এ। এমনকি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নিজের জেলা সঙ্গরুরে আজ সকালে বায়ুর গুণমান সূচক দাঁড়িয়েছিল নজিরবিহীন ১,৬৫১-তে।”
দিল্লির পূর্ববর্তী সরকার এবং বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, “কেজরিওয়ালের ষড়যন্ত্র ও মিথ্যাচার এবং পঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা সত্ত্বেও তথ্য সম্পূর্ণ অন্য কথা বলছে। গত ৭ নভেম্বর সন্ধ্যায় পঞ্জাবের ১,২০০টি স্থানে আগুন লাগানোর খবর মিলেছিল। ২০২৩ সালে দীপাবলিপূর্ব ও দীপাবলি পরবর্তী দূষণের মাত্রা বেড়েছিল ৪৩.৩৩ শতাংশ। ২০২৪ সালে সেই বৃদ্ধির হার ছিল প্রায় ১০ শতাংশ। কিন্তু এ বছর ইতিহাসে প্রথমবারের মতো দীপাবলি পরবর্তী সামগ্রিক দূষণের মাত্রা ১.৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। সরকার ও সাধারণ মানুষের আন্তরিক সদিচ্ছা থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করেই লক্ষ্য অর্জন সম্ভব।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *