হকার্স ইউনিয়নের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তোপ, ‘ক্ষমতার নেশায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন’

আগরতলা, ১২ আগস্ট : ক্ষমতা দখলের নেশায় বিভোর হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে কী বলছেন, নিজেই তা জানেন না বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার হতাশা থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘পাগলের প্রলাপ’ বকছেন। একইসঙ্গে বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়েও সরব হন তিনি।

বুধবার আগরতলায় হকার্স কর্নারে ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ হকার্স ইউনিয়নের নবনির্বাচিত সদস্য ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরের মতো মানবিক কর্মসূচি গ্রহণের জন্য ব্যবসায়ীদের অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় হকার ও ব্যবসায়ীদের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বর্তমানে ব্যবসায়ীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন।

এরপরই রাজনৈতিক প্রসঙ্গ তুলে বিরোধীদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বক্তব্যের ধরন দেখলে মনে হয় তিনি আর কী বলছেন, তা নিজেই জানেন না। প্রায় দশ বছর ধরে ক্ষমতার বাইরে থাকার পর ফের যেভাবেই হোক ক্ষমতার মসনদে বসার আকাঙ্ক্ষা থেকেই এ ধরনের বক্তব্য আসছে বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্তমান রাজনৈতিক অবস্থান দেখে তাঁর হাসি পায়। ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা থেকেই বিরোধীদের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন কংগ্রেসের নাম সরাসরি না নিয়ে অতীতের জোট সরকারের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম আমল থেকে মুক্তি পেতে ত্রিপুরার মানুষ একসময় জোট সরকারকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু সেই সরকারের সময়ও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, যারা একসময় পরস্পরের বিরোধিতা করত, তাঁরাই এখন ফের একে অপরের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে।

ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, এখন তাঁদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়েছে যেন—‘মে তেরা হুঁ, তু মেরা হে।’ এই ধরনের রাজনৈতিক সমীকরণ থেকে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ উন্নয়ন ও স্থায়ী রাজনৈতিক পরিবেশ চায়। তাই রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলের মধ্যে সমঝোতা ও জোটের চেষ্টা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারও। তিনি হকার ও ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৪০ জন ব্যবসায়ী স্বেচ্ছায় রক্তদান করেন। হকার্স ইউনিয়নের সদস্যদের এই উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *