বিলোনিয়ায় ১২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাবা-ছেলে গ্রেফতার

বিলোনিয়া , ৯ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ি থানার পুলিশ শুকনো গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম থেকে মোট ১২২.১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিআর বাড়ি থানার পুলিশ মনাইপাথর এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন রবিদাস। তাঁর সঙ্গে ছিলেন এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম এবং মোবাইল ফরেনসিক টিমের সদস্যরা।

অভিযানকারী দল মনাইপাথর এলাকার বাসিন্দা দুলাল মজুমদারের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে বাড়ির উঠোনে মাটি খনন করে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পাওয়া যায়। ড্রামগুলি উদ্ধার করে খুলতেই তার ভিতর থেকে শুকনো গাঁজা উদ্ধার হয়।

পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা গাঁজা ওজন করার পর মোট পরিমাণ দাঁড়ায় ১২২.১০০ কেজি। পাশাপাশি ঘটনাস্থল থেকে টিআর০৮ই০৬৫৬ নম্বরের একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে উদ্ধারকৃত সামগ্রী ও গাড়ি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

অভিযানের পর ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে আরও কারা জড়িত এবং এই মাদক পাচারের সঙ্গে কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় পিআর বাড়ি থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃত বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *