আগরতলা, ৪ জুলাই : রাজধানী আগরতলা শহরের উপকন্ঠে শ্রীনগর থানাধীন আনন্দনগর এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি আনন্দনগর গার্লস হোস্টেল ও আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলশিক্ষকের বাড়িতে চুরি হয়েছে। পরপর চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে আনন্দনগর ৫ নম্বর পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষক ভূপেশ দেবনাথের বাড়িতে চোরের দল হানা দেয়। পরিবারের সকল সদস্য ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়।
পরিবারের দাবি, চোরেরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপরই শ্রীনগর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক সপ্তাহে আনন্দনগর এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। এর ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাঁদের দাবি। এলাকায় নিয়মিত রাতের পুলিশ টহল বাড়ানোর পাশাপাশি দ্রুত চোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরপর চুরির ঘটনায় শ্রীনগর থানা এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

