ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীই প্রথম সিএএ-র ভাবনার কথা বলেছিলেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীই সর্বপ্রথম নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর ভাবনার কথা তুলে ধরেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আদর্শ ও চিন্তাধারাকেই বাস্তবায়িত করছেন বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার আগরতলা টাউন হলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণপক্ষ’ পালন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় বহু মনীষী আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের প্রকৃত ইতিহাস থেকে তাঁদের অবদানকে আড়াল করে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস গুরুত্ব পেলেও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো জাতীয়তাবাদী নেতাদের সম্পর্কে নতুন প্রজন্মকে যথাযথভাবে জানানো হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবসমাজকে প্রকৃত ইতিহাস জানার এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মনীষীদের সম্পর্কে পড়াশোনা করার আহ্বান জানিয়েছেন। যুব সমাজকে সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী একসময় জওহরলাল নেহেরুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু নেহেরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাঁর মতে, তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানে হিন্দুদের নিরাপত্তার প্রশ্নে আপস না করেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন।

সিএএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের মূল ভাবনার কথা প্রথম উচ্চারণ করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আদর্শকে সামনে রেখেই কাজ করছেন এবং নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে সিএএ কার্যকর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী চিন্তাভাবনা এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোকপাত করেন। যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবও ছাত্র-যুবকদের উদ্দেশে ডঃ মুখার্জীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *