উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের দাবিতে ডেপুটেশন এম টেক-পিএইচডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

আগরতলা, ১৮ নভেম্বর : রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদ অবিলম্বে পূরণের দাবিতে উচ্চশিক্ষা দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা এম টেক পিএইচডি ইঞ্জিনিয়ারিং ফোরাম। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন।

ডেপুটেশন প্রদান শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে এক সংগঠক জানান, বর্তমানে গোটা রাজ্যে প্রায় ৭০০ জন এম টেক ও পিএইচডি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার রয়েছেন। উচ্চতর প্রযুক্তিগত শিক্ষায় যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও তাঁদের অনেকেই উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। অথচ রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের স্বার্থে শূন্য পদগুলি দ্রুত পূরণ করা জরুরি বলে দাবি জানান তাঁরা।

সংগঠনের বক্তব্য অনুযায়ী, নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি (টিআইটি), যা বর্তমানে ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে পরিগণিত হয়েছে, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। একইভাবে রাজ্যের ছয়টি পলিটেকনিক ইনস্টিটিউটেও বিভিন্ন পদে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় শূন্যপদের সমস্যা তৈরি হয়েছে। ফলে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানের ক্ষেত্রেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি দলের দাবি, রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে প্রথমেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বিশেষ করে এম টেক ও পিএইচডি ডিগ্রিধারী যোগ্য ইঞ্জিনিয়ারদের নিয়োগের মাধ্যমে তাঁদের দক্ষতাকে রাজ্যের শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে।

এদিন প্রতিনিধি দল তাঁদের দাবিগুলি উচ্চশিক্ষা দফতরের অধিকর্তার সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবির প্রতি সহমত পোষণ করেছেন অধিকর্তা। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন।

এখন দেখার বিষয়, প্রায় ৭০০ জন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সম্ভাবনা এবং রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শূন্য পদ পূরণের দাবিতে দফতরের এই আশ্বাস কতটা দ্রুত বাস্তবে কার্যকর হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *