আগরতলা, ১৮ নভেম্বর : অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেই রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এই বিশেষ পূজা। তিন দিনব্যাপী এই পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভয়, দুঃখ, মানসিক চাপ ও জীবনের নানা বাধা-বিপত্তি দূর করে সাহস, শক্তি ও দৃঢ়তা লাভের আশায় দেবী কাত্যায়নীর আরাধনায় সামিল হচ্ছেন পুণ্যার্থীরা।
বুধবার থেকে শুরু হওয়া এই পূজা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। রাজধানীর দুর্গাবাড়িতে দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়ে থাকে। এই পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে এক বিশেষ ধর্মীয় আবহ। দেবীর কাছে নিজেদের মনস্কামনা পূরণের পাশাপাশি পরিবার ও সমাজের মঙ্গল কামনা করছেন ভক্তরা।
পুরাণ অনুযায়ী, ঋষি কাত্যায়ন কঠোর তপস্যা করে দেবী দুর্গাকে কন্যারূপে লাভ করেছিলেন। সেই ঋষি কাত্যায়নের নাম অনুসারেই দেবীর এই রূপের নামকরণ হয় কাত্যায়নী। অন্যদিকে, পুরাণে বর্ণিত রয়েছে, মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে দেবী কাত্যায়নীর আবির্ভাব হয়েছিল। অসুরবিনাশিনী এই দেবী তাই শক্তি, সাহস ও ন্যায়ের প্রতীক হিসেবে পূজিত হন। দেবী দুর্গার নবরূপের ষষ্ঠ রূপ হলেন দেবী কাত্যায়নী।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী কাত্যায়নীর আরাধনায় জীবনের ভয়, হতাশা, দুঃখ ও প্রতিকূলতা থেকে মুক্তির পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেই বিশ্বাসকে সামনে রেখেই প্রতিবছর অসংখ্য ভক্ত নিষ্ঠাভরে এই পূজায় অংশগ্রহণ করেন।
এদিন দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য কাত্যায়নী পূজার ঐতিহ্য ও ধর্মীয় তাৎপর্য সম্পর্কে এই সংবাদ জানান। তিন দিনব্যাপী এই পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ভক্তদের আনাগোনা অব্যাহত রয়েছে। ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে ফের একবার উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর দুর্গাবাড়ি।

