কলকাতা,১৩ নভেম্বর : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা উচ্চ আদালত। এদিনের শুনানিতে আদালত সরাসরি প্রশ্ন তোলে, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির কেন এখনও পর্যন্ত কোনও পর্যালোচনা বা রিভিউ করা হয়নি? জবাবে রাজ্য সরকারের তরফে জানানো হয়, চলতি নভেম্বর মাসের শেষেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করে জানান, যেভাবে একের পর এক হামলা হচ্ছে, তাতে বর্তমানে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরা (পিএসও) তাঁকে সুরক্ষা দিতে সক্ষম নন। রাজ্য সরকার এই হামলার ঘটনাগুলি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, তাই তাঁর আরও কঠোর নিরাপত্তার প্রয়োজন রয়েছে।
এই সওয়ালের প্রেক্ষিতে আদালত জানতে চায়, অভিষেকের নিরাপত্তা ঠিক কবে কমানো হয়েছিল? রাজ্য সরকার জানায়, গত ১২ মে তাঁর নিরাপত্তা কমানো হয়েছিল।এরপরই আদালত প্রশ্ন তোলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাঁচটি হুমকির কথা উল্লেখ করেছেন, যুগ্ম পুলিশ কমিশনার (নিরাপত্তা) কেন সেগুলির পর্যালোচনা করেননি? রাজ্যের জমা দেওয়া রিপোর্টে এই বিষয়ের কোনও উল্লেখ না থাকায় বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র ভর্ৎসনা করেন।আদালত রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দেয়, কাকে কতটা নিরাপত্তা দেওয়া হবে, তা আদালত নির্ধারণ করবে না।
কিন্তু মামলাকারীর অভিযোগ যে তাঁর ওপর হামলা হয়েছে এবং প্রশাসন তার কোনও পর্যালোচনা করেনি—আদালত কেবল এর কারণ জানতে চায়। এর উত্তরে রাজ্যের তরফে ফের জানানো হয়, চলতি মাসের শেষে অভিষেকের নিরাপত্তা পর্যালোচনার সময় এই দিকটিও খতিয়ে দেখা হবে।আদালত কড়া অবস্থান নিয়ে মন্তব্য করে, এমন তো নয় যে মামলাকারীর সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যখন ঘটনা ঘটেই গিয়েছে, তখন কেন অবিলম্বে তার পর্যালোচনা করা হলো না? নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনার জন্য কেন ছয় মাস অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নও তোলে হাইকোর্ট।এদিকে, মামলার শুনানি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর একটি বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। সওয়াল করার সময় ওই আইনজীবী মন্তব্য করেন, “আদানি গোষ্ঠী মামলা করলে তার নিষ্পত্তি একদিনেই হয়ে যায়, কিন্তু আমাদের মামলায় তিন মাস ধরে কিছুই হচ্ছে না।
বহু বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন ঠিকই, তবে এ কথা বলতে কোনও দ্বিধা নেই যে বিচারপতিদের একাংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন।“আইনজীবীর এই তীব্র ও বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কড়া জবাব তলব করে আদালত। বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, কোন কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূল কংগ্রেসের—আদালতে তার সুনির্দিষ্ট তালিকা পেশ করতে হবে।

