প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণ, নদীয়ার পৈতৃক বাড়িতে আনা হলো নশ্বর দেহ

কলকাতা, ১৩ নভেম্বর :রাজ্যের প্রাক্তন মন্ত্রী, নদীয়া জেলার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস প্রয়াত। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার তাঁর নশ্বর দেহ কলকাতা থেকে নদীয়ার কৃষ্ণনগরের বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পোড়াগাছার পৈতৃক বাড়িতে স্থানান্তরিত করা হয়। প্রবীণ এই নেতার প্রয়াণে রাজ্য রাজনীতি ও অনুগামীদের মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক জটিল রোগে ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। হৃদরোগ, নিউমোনিয়া এবং কিডনির সমস্যার কারণে গত দুর্গাপুজোর সপ্তমীর দিন তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ৩০ সেপ্টেম্বর অপর একটি বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি সম্পন্ন হয়, যার পরপরই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তী সময়ে মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) এবং সেপটিক শক-সহ নানা জটিলতা দেখা দেওয়ায় তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। প্রায় এক মাস জীবনদায়ী ব্যবস্থায় (ভেন্টিলেশন) থাকার পর বুধবার তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে উজ্জ্বল বিশ্বাস ২০১১ সালে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন এবং টানা তিনবার ওই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের মন্ত্রী নিযুক্ত করেন। ২০১৬ সালের মন্ত্রিসভায় স্থান না পেলেও, এক বছর পরই তাঁকে কারা দপ্তরের দায়িত্ব দেওয়া হয় এবং ২০২২ সাল পর্যন্ত তিনি ওই দপ্তর সামলান। পরবর্তীতে তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বও অর্পণ করা হয়েছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন তিনি।

নির্বাচনী পরাজয়ের পর একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন উজ্জ্বল বিশ্বাস। কৃষ্ণনগরের বাসভবন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ মজুত রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং তীব্র জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। ত্রাণ দুর্নীতি মামলায় ৩০ দিন জেল খাটার পর জামিন পেলেও, অপর একটি মামলায় তাঁকে পুনরায় গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ৪৯ দিন কারাবাসের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি, এই আইনি জটিলতা ও কারাবাসের মানসিক চাপ তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিল।

প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, জনজীবনে উজ্জ্বল বিশ্বাস তাঁর কাছে কেবল একজন সহকর্মী ছিলেন না, দীর্ঘ পথচলায় তাঁদের মধ্যে এক গভীর ও অটুট সম্পর্ক গড়ে উঠেছিল।

প্রয়াত নেতার শেষ জীবনের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, জীবনের শেষ কয়েকমাসে তাঁকে যে অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, তা তাঁর মৃত্যুকে আরও বেদনাদায়ক করে তুলেছে। তাঁর ওপর বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে ৪৯ দিন জেলে আটকে রাখা হয়েছে এবং চরম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করতে ও দল বদলাতে অস্বীকার করার কারণেই তাঁকে এমন হেনস্তা ও হুমকির শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করে একে বিজেপির ‘প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতির ভয়াবহ উদাহরণ’ বলে অভিহিত করেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *