চেঙ্গালপাট্টু , ৬ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুতে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে পাইয়েন্নুর এলাকায় মামল্লপুরম রোডে। একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ভ্যান এবং পিছন থেকে আসা একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন মহিলার, আহত আরও ২০ জন।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, চেঙ্গালপাট্টুর কূভাত্তুরের কাছে পেরুন্থুর গ্রাম থেকে একটি বেসরকারি সংস্থার প্রায় মহিলা কর্মীদের নিয়ে ভ্যানটি কেলম্বাক্কমের দিকে যাচ্ছিল। ভ্যানটি পাইয়েন্নুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছনো মাত্রই হঠাৎ একটি গরু রাস্তায় চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে তাম্বরম থেকে মামল্লপুরমগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে মামল্লপুরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

