আগরতলা, ১২ নভেম্বর : বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তীব্র উত্তেজনা, তখন বিধায়কের পাশে দাঁড়িয়ে কার্যত তাঁর হয়ে সাফাই গাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিধায়ক ক্ষমা চেয়েছেন, তাই এ নিয়ে আর কোনও প্রশ্ন ওঠে না—মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, এ ধরনের মন্তব্য করা বিধায়কের উচিত হয়নি। বিষয়টি নিয়ে দলই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।
বর্তমানে আগরতলা পুর নিগমসহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের ঐতিহ্যকে ঘিরে কুরুচিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং জনজাতি মহলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে, তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মণও বিষয়টি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক আরও জোরালো হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিবাদেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিধায়ক ক্ষমা চেয়েছেন। এর উপর আর কোনও প্রশ্নই ওঠে না। তবে বিষয়টি দলের উপর ছেড়ে দিয়ে তিনি জানান, দল এই ব্যাপারে যা করার করবে। বুধবারও বিধায়কের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বীকার করেন, এ ধরনের মন্তব্য করা বিধায়কের উচিত হয়নি। কিন্তু বিধায়কের ক্ষমা চাওয়ার বিষয়টিকে সামনে রেখে কার্যত বিতর্কের ইতি টানার চেষ্টা করেছেন তিনি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনও জনপ্রতিনিধির মন্তব্যে যদি একটি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শুধু ক্ষমা চাওয়াই কি যথেষ্ট? নাকি এ ধরনের মন্তব্যের জন্য দলীয় স্তরে দৃষ্টান্তমূলক পদক্ষেপও প্রয়োজন?
উল্লেখ্য, বৃহস্পতিবারই তফাজ্জল হোসেনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছে তিপ্রা মথার মহিলা শাখা তিপ্রা ওমেন ফেডারেশন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন। ফলে বিতর্কটি এখন আর নিছক একজন বিধায়কের ব্যক্তিগত মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিসরে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
নগর নির্বাচনের আগে এই বিতর্ক বিজেপি-র রাজনৈতিক অবস্থানকেও কতটা প্রভাবিত করে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। একদিকে বিরোধীদের লাগাতার প্রতিবাদ, অন্যদিকে জনজাতি সংগঠনগুলির অসন্তোষ—এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য কতটা ক্ষোভ প্রশমিত করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমা চাওয়ার মধ্যেই কি বিষয়টির নিষ্পত্তি করবে বিজেপি, নাকি দলের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে কোনও সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

