পুর ও নগর ভোটে ‘দুর্বৃত্তায়ন’, প্রচারে বাধা ও হুমকির অভিযোগ সিপিআইএম-এর

আগরতলা, ১২ নভেম্বর : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা, হুমকি এবং বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হলো সিপিআইএম। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন বন্ধ করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম-এর সদর মহকুমা কমিটি। বাম নেতৃত্ব অমল চক্রবর্তী ও শুভাশিস গাঙ্গুলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ ও দাবির কথা তুলে ধরে।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার সঙ্গে আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচারপর্ব শুরু হয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করছেন। বিভিন্ন ওয়ার্ডে চলছে সভা, মিছিল, দেওয়াল লিখন ও প্রচার সজ্জার কাজ। কিন্তু নির্বাচনী প্রচারের এই আবহে বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য স্বাভাবিক পরিবেশ বজায় থাকছে না বলে গুরুতর অভিযোগ তুলেছে সিপিআইএম।

বাম নেতৃত্বের অভিযোগ, আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীদের নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁদের লাগানো প্রচার সজ্জাও নষ্ট করে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এর ফলে প্রার্থীরা স্বাধীনভাবে নিজেদের নির্বাচনী কর্মসূচি পরিচালনা করতে পারছেন না। শহরজুড়ে এক ধরনের ভীতিকর ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি বাম নেতৃত্বের।

এই পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং প্রচারের ক্ষেত্রে সমান সুযোগ প্রদানের দাবিতে এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয় সিপিআইএম-এর সদর মহকুমা কমিটি। ডেপুটেশন শেষে বাম নেতা অমল চক্রবর্তী বলেন, রাজ্যের নির্বাচনী রাজনীতিতে এ ধরনের পরিস্থিতি অতীতে কখনও দেখা যায়নি। একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটছে। একসময় নির্বাচন ছিল গণতন্ত্রের উৎসব। রাজনৈতিক দলগুলি নিজেদের মতাদর্শ ও কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সেই পরিবেশ ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

অমল চক্রবর্তীর আরও অভিযোগ, নির্বাচনী প্রচারের অন্যতম মাধ্যম মিছিল ও জনসভা আয়োজনের ক্ষেত্রেও বিরোধী দলকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সিপিআইএম-এর পক্ষ থেকে মিছিল ও সভার অনুমতির জন্য ৪৮ ঘন্টা আগে আবেদন জানানো হলেও অনেক ক্ষেত্রে কর্মসূচি শুরুর মাত্র তিন ঘন্টা আগে অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে পূর্বপরিকল্পনা অনুযায়ী কর্মসূচি পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক বাধা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে মোটেও সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি।

বাম নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কেবল ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিটি রাজনৈতিক দলের অবাধে নিজেদের বক্তব্য তুলে ধরা এবং ভোটারদের কাছে পৌঁছানোর সাংবিধানিক অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া। তাই নির্বাচনী প্রচারে বাধা, প্রার্থীদের হুমকি এবং প্রচার সামগ্রী নষ্ট করার মতো অভিযোগের ক্ষেত্রে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিন ডেপুটেশনের মাধ্যমে এই বিষয়গুলির প্রতিকার চাওয়া হয়েছে বলে জানান অমল চক্রবর্তী।

উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা ও বিরোধী প্রার্থীদের প্রচারের অধিকার নিশ্চিত করার দাবিতে সিপিআইএমের সদর মহকুমা কমিটি বুধবারও পৃথকভাবে আগরতলা পুর নিগম নির্বাচনের দায়িত্বে নিযুক্ত তিনজন রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করেছিল। একের পর এক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরছে বাম দলটি। এখন দেখার, বিরোধীদের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *