নগর ও নিগম ভোটের আগে ত্রিপুরায় বিজেপি-র সাংগঠনিক তৎপরতা তুঙ্গে

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : সামনে আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ২১টি নগর সংস্থার নির্বাচন। তার আগে সংগঠনের ঘাটতি চিহ্নিত করে তা দ্রুত পূরণের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করল শাসকদল বিজেপি। মঙ্গলবার রাজধানী আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপি সদর শহর জেলার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত আসন্ন নিগম নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের কাছে দলের সাংগঠনিক কার্যক্রম পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পৌরহিত্য করেন বিজেপি-র সদর শহর জেলার প্রভারী তথা প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। উপস্থিত ছিলেন সদর শহর জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি, শক্তিকেন্দ্রের ইনচার্জ এবং আগরতলা পুর নিগমের কর্পোরেটররা। বৈঠকে সদর শহর জেলায় দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। কোথায় সংগঠন শক্তিশালী, কোথায় ঘাটতি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে দ্রুত সাংগঠনিক তৎপরতা বাড়ানো প্রয়োজন—তা নিয়ে আলোচনা হয়।

সামনেই দুর্গাপুজো। আর পুজো শেষ হলেই নগর ও নিগম নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রের দাবি, অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ নগর নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিকভাবে মাঠে নামতে শুরু করেছে বিজেপি। সদর শহর জেলার বৈঠককে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বুথ ও শক্তিকেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে কর্মী-সমর্থকদের কীভাবে কাজে লাগানো হবে, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কীভাবে বাড়ানো হবে এবং নির্বাচনের আগে সাংগঠনিক দুর্বলতাগুলি কীভাবে কাটিয়ে ওঠা যাবে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে সদর শহর জেলার প্রভারী বিপিন দেববর্মা জানান, তাঁকে সদর শহর জেলার দায়িত্ব দেওয়ার পর আগরতলা পুর নিগমের প্রত্যেক কর্পোরেটরের সঙ্গে তিনি কথা বলেছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এদিনের বৈঠকেও আসন্ন নিগম নির্বাচনকে সামনে রেখে দলের কর্মী-সমর্থকদের ভূমিকা, সাধারণ মানুষের কাছে সংগঠনকে আরও বেশি করে পৌঁছে দেওয়া এবং নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগরতলা পুর নিগম-সহ ২১টি নগর সংস্থার নির্বাচনের জন্য দুর্গাপুজোর মধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার একাধিক বর্তমান কর্পোরেটরের নাম বাদ পড়তে পারে বলেও দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে। শুধু আগরতলা পুর নিগম নয়, অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের একাধিক চেয়ারপার্সনকেও এবার প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

ফলে আসন্ন নগর নির্বাচনকে ঘিরে বিজেপি-র অন্দরে এখন থেকেই শুরু হয়েছে তৎপরতা। একদিকে সাংগঠনিক ঘাটতি পূরণের চেষ্টা, অন্যদিকে সম্ভাব্য প্রার্থী বাছাই—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে এগোচ্ছে শাসকদল। আগামী কয়েক সপ্তাহে এই প্রস্তুতি আরও গতি পাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *