ওয়ারিং বাড়ির গুলিকাণ্ডে গ্রেফতারের দাবিতে মহারানিতে সড়ক অবরোধ

উদয়পুর, ২৯ সেপ্টেম্বর : ওয়ারিং বাড়িতে গুলি চালনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মহারানিতে উদয়পুর-অমরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। মূল সড়কের উপর আগুন জ্বালিয়ে শুরু হয় অবরোধ। আন্দোলনস্থল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগানও দেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে মহারানি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওয়ারিং বাড়ির গুলি চালনার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে তিপ্রা মথা নেতৃত্ব। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এরই মধ্যে একই দাবিতে মঙ্গলবার থেকে স্থানীয়ভাবে আন্দোলন শুরু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিন সকাল থেকেই মহারানি এলাকায় উদয়পুর-অমরপুর সড়কে জড়ো হতে শুরু করেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। পরে তাঁরা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। একপর্যায়ে সড়কের উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে যানবাহন আটকে থাকায় যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়।

আন্দোলনস্থল থেকে বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান দেন। তাঁদের বক্তব্য, ওয়ারিং বাড়ির মতো ঘটনায় অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানান তাঁরা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত তিপ্রা মথার এক মহিলা নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। পুলিশ আধিকারিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *