লখনউ, ২৬ নভেম্বর : উত্তর প্রদেশের গাজিপুর জেলার নন্দগঞ্জ থানা এলাকার ধরওয়া গ্রামে বাড়ির ভিতর থেকে মা ও মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক দল।
পুলিশ সুপার বিনয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার তিনি জানান, মৃতদের নাম জয়মুন নিশা (৩৫) এবং তাঁর ১২ বছরের মেয়ে আয়মন নিশা। দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পরিবারের সদস্য মহম্মদ অনিরুল্লা জানান, মঙ্গলবার রাতে বোনের খোঁজ নিতে ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ ছিল। এরপর কোনও অঘটনের আশঙ্কায় বুধবার সকালে পরিবারের লোকজন বাড়িতে পৌঁছন। সেখানে ঘরের মেঝেতে জয়মুনের রক্তাক্ত দেহ এবং বিছানার উপর মেয়ের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের এক সদস্যের বিরুদ্ধে মা-মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন মৃতার ভাই। পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

