অযোধ্যায় শুরু দশম দীপোৎসব, বিরোধীদের নিশানা পর্যটনমন্ত্রী জয়বীর সিংয়ের

অযোধ্যা, ৭ নভেম্বর : পবিত্র ধাম অযোধ্যায় রামায়ণভিত্তিক বর্ণাঢ্য ট্যাবলো শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো দশম অযোধ্যা দীপোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রামজন্মভূমি নগরীতে এখন সাজ সাজ রব। রামচরিতমানসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ অধ্যায়কে তুলে ধরে তথ্য ও পর্যটন দফতরের তৈরি একাধিক ট্যাবলো শনিবার শহরের রাজপথ পরিক্রমা করে। বর্ণময় শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে উপচে পড়ে অগণিত ভক্ত ও পর্যটকের ভিড়।
দীপোৎসবের সূচনা উপলক্ষে উত্তর প্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় আমরা আমাদের সনাতন সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানিয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে চলেছি। সনাতন সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করে সর্বাঙ্গীণ বিকাশই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য।”
একইসঙ্গে পূর্বতন সমাজবাদী পার্টি সরকারের শাসনকালকে কাঠগড়ায় তুলে বিরোধীদের কড়া আক্রমণ শানান মন্ত্রী। তিনি বলেন, “২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে রাজ্যে কী ধরনের অরাজকতা চলেছে, তা গোটা দেশবাসীর জানা। যারা সে সময় ক্ষমতায় ছিল এবং তারও আগে তাদের পিতার শাসনকালে যারা অযোধ্যায় ক্ষমতায় আসীন ছিল—তারা নিরীহ রামভক্তদের ওপর গুলি চালিয়ে সরযূ নদীর পবিত্র জল রক্তে লাল করে দিয়েছিল। এই ঐতিহাসিক সত্য ভারত তথা সমগ্র বিশ্বের প্রতিটি সনাতন সংস্কৃতি অনুগামী মানুষের ভালোভাবেই জানা রয়েছে।”
মন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, অতীতের সেই অন্ধকার ও রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে বর্তমান সরকার অযোধ্যাকে বিশ্বমানের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সরযূ নদীর ঘাট থেকে শুরু করে রাম কি পৈড়ি—লাখো মাটির প্রদীপের আলোয় গোটা নগরীকে উদ্ভাসিত করে সামাজিক ঐক্যের বার্তা দিতেই এই দশম দীপোৎসবের বিশাল আয়োজন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *