সরশুনায় অবৈধ গ্যাসের কারবারের হদিস, অভিযানে উদ্ধার ৩২টি সিলিন্ডার, আটক এক

কলকাতা, ১৯ নভেম্বর : ভাড়া বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা চালানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে সরশুনার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকরা। অভিযানের পর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুঞ্জন নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে সেখানে গ্যাসের ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সূত্রে এই বেআইনি কারবারের খবর পেয়ে ইবি আধিকারিকরা অভিযান চালান। তবে ছটপুজো উপলক্ষে বর্তমানে গুঞ্জন নিজের বাড়িতে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে সরশুনা থানার পুলিশ।
অভিযানের সময় বাড়িতে গুঞ্জনের দুই সহকারী উপস্থিত ছিলেন। ইবি আধিকারিকদের দেখে তাঁদের মধ্যে একজন পালিয়ে যায়। অপরজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ৩২টি সিলিন্ডার বাজেয়াপ্ত করার পাশাপাশি গোটা কারবারের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কীভাবে ওই বাড়িতে এতগুলি গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল এবং এই ব্যবসার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *