কলকাতা, ১৯ নভেম্বর : যাত্রী পরিষেবার উন্নতি এবং রেল পরিকাঠামোর আধুনিকীকরণে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এল পূর্ব রেলের উচ্চপর্যায়ের ডিভিশনাল কমিটির বৈঠকে। বুধবার জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে মালদা ও আসানসোল ডিভিশনকে কেন্দ্র করে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এজিএম শীলেন্দ্র প্রতাপ সিং, দুই ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্ত ও সংগ্রহ মৌর্য-সহ পদস্থ আধিকারিকরা।
বৈঠকে সাংসদ কীর্তি আজাদ, গিরিধারী যাদব, সরফরাজ আহমেদ, নলিন সোরেন, চন্দ্রপ্রকাশ চৌধুরী, অজয় কুমার মণ্ডল, দুলু মাহাতো, ঈশা খান চৌধুরী, খগেন মুর্মু, খলিলুর রহমান, নিশিকান্ত দুবে, শতাব্দী রায় ও শত্রুঘ্ন সিনহার প্রতিনিধিরা বিভিন্ন দাবি তুলে ধরেন।
সুলতানগঞ্জে হাওড়া–জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ, বিক্রমশীলা এক্সপ্রেসের ক্লোন ট্রেন, দুমকা থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন, গিরিডি–দেওঘর ও আসানসোল–গিরিডির মধ্যে নতুন ট্রেন চালুর দাবি জানানো হয়। পাশাপাশি পরেশনাথ ও অঙ্গ এক্সপ্রেসের পরিষেবা বৃদ্ধি, আসানসোল–হাওড়া রুটে অতিরিক্ত ট্রেন ও কোচ সংযোজনের প্রস্তাবও ওঠে।
জেনারেল ম্যানেজার রেল পরিকাঠামোর উন্নয়ন, অমৃত ভারত স্টেশন প্রকল্প, মাল্টি-ট্র্যাকিং এবং রোড ওভারব্রিজ নির্মাণের অগ্রাধিকারের কথা জানান। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের প্রস্তাবগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

