চাঁদা দিতে অস্বীকার করায় সিউড়িতে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ

বীরভূম, ১৩ নভেম্বর: চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বীরভূমের সিউড়ি শহরের রবীন্দ্রপল্লি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী গৌতমকুমার মণ্ডলের একটি মোবাইলের দোকান রয়েছে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়। তিনি সপরিবারে শহরের রবীন্দ্রপল্লি এলাকায় বসবাস করেন। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই গৌতমবাবুর কাছে একটি হুমকি ফোন আসে। অভিযোগ, ফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মোটা অঙ্কের চাঁদার দাবি জানানো হয়। এই ঘটনার পর চরম আতঙ্কিত হয়ে তিনি নিজের মোবাইল ফোনটি বন্ধ করে দেন। এর পরেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। মারধরের জেরে বুকে আঘাত পেয়েছেন বলে ওই ব্যবসায়ী জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *