খড়্গপুর, ১৩ নভেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উৎপাতাই এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন দর্শকদের বসার জন্য তৈরি একটি অস্থায়ী কাঠামো হঠাৎ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় সাতজন গুরুতর আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় স্তরে আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টে দর্শকদের বসার জন্য আয়োজকদের পক্ষ থেকে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। মাঝরাতে যখন মাঠে খেলা চলছিল, ঠিক তখনই দর্শকদের বসার ওই পুরো কাঠামোটি হঠাৎই ভেঙে পড়ে। এর জেরে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সমস্ত আহতদের দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস হাসপাতালে পৌঁছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

