আগরতলা, ২২ জুলাই : দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশায় বুধবার লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন এনএলএফটি (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা) জঙ্গি সংগঠনের সদস্যদের একটি প্রতিনিধি দল। এদিন তাঁরা রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানান।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বহু বছর আগে মূল স্রোতে ফিরে এসে শান্তিপূর্ণ জীবনযাপনের অঙ্গীকার করলেও এখনও অনেক আত্মসমর্পণকারী জঙ্গি পুনর্বাসন সুবিধা থেকে বঞ্চিত। ফলে তাঁদের এবং তাঁদের পরিবারের জীবনে আর্থিক ও সামাজিক অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা, পূর্বে ঘোষিত সুযোগ-সুবিধা বাস্তবায়ন এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন নিরাপত্তা ও আরক্ষা বাহিনীতে ত্রিপুরার যোগ্য বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করার দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি আত্মসমর্পণকারী জঙ্গিদের স্থায়ী কর্মসংস্থান, আর্থিক স্বনির্ভরতা এবং সমাজের মূলধারায় সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিনিধি দলের বক্তব্য, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যারা অস্ত্রের পথ ছেড়ে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হওয়া অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন তাঁদের জীবনমানের উন্নতি হবে, অন্যদিকে রাজ্যে স্থায়ী শান্তি ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
রাজ্যপাল প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের উত্থাপিত দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। তিনি বিষয়গুলির প্রয়োজনীয় পর্যালোচনার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
লেকভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে আত্মসমর্পণকারী জঙ্গিদের দীর্ঘদিনের দাবি-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন তাঁদের প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে এবং পুনর্বাসন প্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন হবে।

