নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি, ইন্দ্রনগর কালীবাড়িতে বিশেষ যজ্ঞ ও পূজা

আগরতলা, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে বুধবার আগরতলায় ইন্দ্রনগর কালীবাড়িতে বিশেষ যজ্ঞ ও পূজার আয়োজন করে বিজেপির ৬ আগরতলা মণ্ডল কমিটি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করা হয়।

বুধবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করেন নরেন্দ্র মোদী। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করে সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়েছেন। এদিন তিনি টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন সম্পূর্ণ করেন।

এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই ইন্দ্রনগর কালীবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি-র সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা মণ্ডলের নেতৃত্ব, কর্পোরেটর, দলীয় পদাধিকারী এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

যজ্ঞে অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, “আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের এক গৌরবময় অধ্যায়ের ১২ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে আমরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফল নেতৃত্বের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত গঠনের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, তা যেন আগামী দিনেও বাস্তবায়িত হয়, সেই কামনাই আমরা করেছি।”

তিনি আরও বলেন, “গত এক দশকেরও বেশি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন মর্যাদা অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তির প্রসার, সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আগামী দিনেও তাঁর নেতৃত্বে ভারত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়। কর্মী-সমর্থকদের মধ্যে এদিন উৎসবের আবহ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী মোদীর ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি-র পক্ষ থেকে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও জনসংযোগ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি এবং নতুন রেকর্ড গড়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতৃত্বের দাবি, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতাই এই উদযাপনের মূল প্রেরণা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *