স্মার্ট মিটারের সব চার্জ বাতিল না হলে আন্দোলন, এমবিবি কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় সরব কংগ্রেস

আগরতলা, ১২ আগস্ট  : স্মার্ট মিটারে চালু করা সমস্ত ধরনের চার্জ অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় রাজ্যবাসীকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাবসিডি দিতে হবে। এই দাবিতে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পাশাপাশি সম্প্রতি এমবিবি কলেজ চত্বর থেকে জনৈক বিবাহিতা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র  প্রবীর চক্রবর্তী স্মার্ট মিটার ও বিদ্যুৎ মাশুল নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর বক্তব্যে দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে।

প্রবীর চক্রবর্তী বলেন, স্মার্ট মিটারে ব্যবহৃত বিভিন্ন ধরনের চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা অবিলম্বে দূর করতে হবে। কংগ্রেসের দাবি, স্মার্ট মিটারে আরোপিত সব ধরনের অতিরিক্ত চার্জ বাতিল করা হোক। তা সম্ভব না হলে সাধারণ গ্রাহকদের আর্থিক বোঝা লাঘব করতে সরকারকে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার ইস্যুতে প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী আন্দোলন আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে বিদ্যুৎ পরিষেবা পরিচালনা করা যাবে না বলেও দাবি করেন তিনি।

এদিকে এমবিবি কলেজ চত্বরে জনৈক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগের ঘটনাতেও সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তাঁর দাবি, একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর থেকে এমন ঘটনা ঘটার অভিযোগই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

ঘটনার ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে তিনি দিল্লির বহুল আলোচিত ‘অভয়া’ কাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর বক্তব্য, দিল্লির ওই ঘটনা নিশিরাতে নির্জন পরিস্থিতিতে ঘটেছিল বলে অভিযোগ ছিল। কিন্তু এমবিবি কলেজের মতো জনবহুল এলাকায় এমন গুরুতর অপরাধের অভিযোগ ওঠা আরও বেশি উদ্বেগের বিষয়।

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও তার আশপাশের এলাকায় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে জানায়, একদিকে সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের বোঝা কমানো এবং অন্যদিকে রাজ্যে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দল আগামী দিনেও ধারাবাহিকভাবে সরব থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *