ডেমডুমে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ মালবাহী গাড়িতে

আগরতলা, ১১ জুলাই : ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ডেমডুম টিটিএডিসি ভিলেজ এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোটরসাইকেল ও একটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম পান্থই দেববর্মা। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং মালবাহী গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দীর্ঘ সময় অচল হয়ে পড়ে অসম-আগরতলা জাতীয় সড়ক।

পুলিশ সূত্রে জানা গেছে,এএস-২৫ইসি১৩৭৫ নম্বরের মালবাহী গাড়িটি ফটিকরায় থেকে ডেমডুম হয়ে কমলপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা টিআর০২জে৭২২২ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে পুলিশি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী পান্থই দেববর্মা গুরুতরভাবে আহত হয়ে রাস্তার উপর ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। উত্তেজিত জনতা মালবাহী গাড়িটি আটক করে এবং চালক লিটন করের উপর চড়াও হয়। অভিযোগ, জনতার বেধড়ক মারধরে গুরুতর আহত হন গাড়িচালক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা। তাঁরা দ্রুত আহত বাইক আরোহী এবং গাড়িচালককে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পান্থই দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, গাড়িচালক লিটন করের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফটিকরায় হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা জানান, দুর্ঘটনার ফলে বাইক আরোহী পান্থই দেববর্মার মৃত্যু হয়েছে। অন্যদিকে জনতার মারধরে গাড়িচালক লিটন কর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

যুবকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে মালবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে তার আগেই আগুনে পুড়ে যায় গাড়িটি।

ঘটনার জেরে ডেমডুম এলাকায় দীর্ঘ সময়ের জন্য অসম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে ফটিকরায় থানার পুলিশ এবং মোতায়েন করা হয় টিএসআর বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকাজুড়ে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডেমডুম ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *