ঝাড়খণ্ডে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির

সরাইকেলা, ১৮ নভেম্বর : আলগাভাবে ঝুলে থাকা হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি প্রাপ্তবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা-খড়সওয়ান জেলায়। মঙ্গলবার বন দফতরের তরফে এই ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে ওই হাতিটির মৃত্যু হয়েছে। প্রায় ৪০ বছর বয়সি হাতিটি খাবারের সন্ধানে গ্রামে এসেছিল। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত ৯টা নাগাদ হাতিটি ধান খাওয়ার জন্য খেতের দিকে গিয়েছিল। সেই সময় খেতের আলপথ পার হওয়ার সময় নিচে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে হাতিটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করেন, ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের হাই-ভোল্টেজ তার আলগাভাবে ঝুলছিল। কিন্তু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, বিদ্যুতের তার নিরাপদ উচ্চতায় রাখার ব্যবস্থা না থাকায় বন্যপ্রাণীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও যেকোনও সময় বিপন্ন হতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *