বদ্রীনাথ, ১৩ নভেম্বর : শীতকালের জন্য ১৬ নভেম্বর থেকে বন্ধ হবে ভূ-বৈকুণ্ঠ ধাম বদ্রীনাথ ধাম। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মন্দির বন্ধের প্রক্রিয়া, ‘পঞ্চ পূজা’ । এদিন গণেশ মন্দিরের দরজা বন্ধ হওয়ার সঙ্গেই সূচনা হলো বদ্রীবিশাল ধাম বন্ধের প্রক্রিয়া ।
শুক্রবার আদি কেদারেশ্বর এবং আদি গুরু শঙ্করাচার্য মন্দিরের দরজা বন্ধ হবে। শনিবার খড়্গ পুস্তক বন্ধ করার পাশাপাশি ওই দিন থেকেই বেদ ঋচা পাঠও বন্ধ হয়ে যাবে।
রবিবার দেবী লক্ষ্মীকে শীতকালের জন্য বদ্রীনাথ ধামের গর্ভগৃহে আসার আমন্ত্রণ জানানো হবে। এরপর ১৬ নভেম্বর রাতে নারায়ণ মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে। পঞ্চ পূজা সম্পন্ন করবেন বদ্রীনাথ ধামের রাওয়াল অমরনাথ নাম্বুদিরি, নায়েব রাওয়াল সূর্যরাগ নাম্বুদিরি, ধর্মাধিকারী আচার্য স্বয়ম্বর সেমওয়াল, বেদপাঠী ড. রবীন্দ্র ভাট, আচার্য বাণী বিলাস ডিমরি এবং ড. অমিত বন্দোলিয়া।

