কলকাতা, ১৩ নভেম্বর : কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করেছে কলকাতা পুলিশ। গত ১৮ ও ১৯ আগস্টের মধ্যরাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু সহ মোট ৯জন মারা গিয়েছিলেন। শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতার একটি নিম্ন আদালতে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে পুলিশ। এতে প্রথম নামটি রয়েছে হোটেল শিখা ইন-এর মূল মালিক বীরেশ্বর মৈত্রের। দ্বিতীয় নামটি আবু জাফরের, যিনি মৈত্রের কাছ থেকে হোটেলটি লিজ নিয়েছিলেন। চার্জশিটে তৃতীয় নাম রয়েছে আবুর স্ত্রী সাবা জাফরের, যিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এবং গত মাসেই শহরের পুলিশের হাতে গ্রেফতার হন।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, এই চার্জশিটে ৯০ জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারায় অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, জীবন বিপন্ন করা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি আদালতে ফরেনসিক রিপোর্টও জমা দেওয়া হয়েছে।
চার্জশিটে ঘটনার ভয়াবহতা এবং চরম গাফিলতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পুলিশ আধিকারিকের মতে, নথিপত্রগুলোতে উল্লেখ করা হয়েছে কীভাবে হোটেলের বড় বড় ঘরগুলোকে বেআইনিভাবে ভেঙে একাধিক ছোট ঘরে পরিণত করা হয়েছিল। প্রায় প্রতিটি ঘরেই এসি লাগানো হয়েছিল। কোনো নিয়ম না মেনে এতগুলো এসি লাগানোর ফলে বৈদ্যুতিক ওভারলোড ঘটে। বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত ঘরগুলোকে গ্রাস করে নেয়।
তদন্তে আরও উঠে এসেছে, যে ভবনে শিখা ইন এবং আরও কয়েকটি লজ পরিচালিত হচ্ছিল, সেটি মূলত একটি আবাসিক চত্বর ছিল। কলকাতা পৌরসংস্থা এবং পশ্চিমবঙ্গ দমকল বিভাগের অনুমতি ছাড়াই সেটিকে অবৈধভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল।
ভবনের তৃতীয় তলায় আগুন লাগার পর হোটেলের ঘরগুলোতে দ্রুত ঘন ধোঁয়ায় ভরে গিয়েছিল| যার ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। প্রয়াতদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তাঁরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
দুর্ঘটনার পর হোটেলের মালিক বীরেশ্বর মৈত্র ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে অল্প সময়ের মধ্যেই বেহালায় তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছিলেন, তিনি আবু জাফর ও তাঁর স্ত্রী সাবা জাফরকে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় হোটেলটি লিজ দিয়েছিলেন। ঘটনার পরপরই আবু জাফরকে পুলিশ ধরে ফেললেও, গত ২৮ অক্টোবর গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত সাবা পুলিশের নাগালের বাইরে ছিলেন।

