ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণে উৎসর্গীকৃত ছিল এইচ.ভি. শেষাদ্রির জীবন: প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার সংস্কৃতি, পরিচয় এবং জ্ঞান-বিজ্ঞান সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বের দরবারে উপস্থাপন করছে। এরই ফলে ভারতের উদ্যোগে আজ সমগ্র বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে। যোগ এখন ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের বিশ্বজনীন প্রতীকে পরিণত হয়েছে। শুক্রবার বেঙ্গালুরুর জিগনিতে অবস্থিত প্রশান্তি কুটীরমে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বর্ষীয়ান কার্যকর্তা, চিন্তাবিদ ও লেখক এইচ.ভি. শেষাদ্রির জন্মশতবার্ষিকী স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শেষাদ্রিজি ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তখন একদিকে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, অন্যদিকে স্বামী বিবেকানন্দের মতো ‘রাষ্ট্রঋষি’ ভারতের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি যুবসমাজকে যোগের পথ দেখিয়ে দেশের আধ্যাত্মিক শক্তিকে এক নতুন দিশা দিয়েছিলেন।
প্রতিযোগিতামূলক খেলা হিসেবে যোগের স্বীকৃতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে যোগাসনকে প্রতিযোগিতামূলক খেলা হিসেবেও মান্যতা দেওয়া হয়েছে। ‘খেলো ইন্ডিয়া’ এবং জাতীয় গেমসের মতো ইভেন্টগুলিতে যোগাসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য প্রতিযোগিতামূলক খেলায় নিজেদের প্রতিভা প্রদর্শনের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। তিনি এটিকে যোগের প্রসারের দিশায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেন।
আয়ুর্বেদ গবেষণা ও রফতানিতে জোর
আয়ুর্বেদের ক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার আয়ুর্বেদ-ভিত্তিক গবেষণা ও পেটেন্টকে উৎসাহিত করছে। এর ইতিবাচক ফল সামনে আসছে এবং ভারত থেকে আয়ুষ ও ভেষজ পণ্যের রফতানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী চিকিৎসাবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
এইচ.ভি. শেষাদ্রির ৬টি বইয়ের ইংরেজি অনুবাদ উন্মোচন
অনুষ্ঠান চলাকালীন এইচ.ভি. শেষাদ্রির লেখা ৬টি বইয়ের ইংরেজি অনুবাদ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ‘সাহিত্য সঙ্গম প্রকাশন’-এর মাধ্যমে প্রকাশিত এই বইগুলির দ্বারা শেষাদ্রির সাহিত্যিক অবদান, তাঁর চিন্তা ও বৈচারিক ভাবধারা ইংরেজিভাষী পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করা হয়েছে।
পাঁচ দশক ধরে যোগ, শিক্ষা ও গবেষণায় নিবেদিত প্রশান্তি কুটীরম
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ‘প্রশান্তি কুটীরম’ বিগত পাঁচ দশকে যোগকে কেবল শারীরিক ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করার কাজ করেছে। আধুনিক বিজ্ঞান এবং ভারতের আধ্যাত্মিক জ্ঞান ঐতিহ্যের মধ্যে একটি সেতু স্থাপন করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রশান্তি কুটীরম হলো ‘স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান’ (এস-ভি ওয়াই এ এস এ)-এর প্রধান আবাসিক কেন্দ্র। যোগ শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দেশে ও বিদেশে নিজস্ব এক বিশেষ পরিচয় তৈরি করেছে। ২০০২ সালে (এস-ভি ওয়াই এ এস এ) ‘ডিমিড টু বি ইউনিভার্সিটি’-র মর্যাদা লাভ করে। প্রতিষ্ঠানটি প্রাচীন যোগজ্ঞানকে আধুনিক শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করে সমাজের ব্যাপক কল্যাণে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *