রাজারহাট, ১৩ নভেম্বর : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন রাজারহাটের তৃণমূল নেতা হাফিজুল রহমান ওরফে লিটন। বৃহস্পতিবার রাতে রাজারহাট, নারায়ণপুর এবং ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে নবাবপুর এলাকায় তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে উত্তেজনা ও গোলমালের ঘটনা ঘটেছিল। অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজারহাটের তৃণমূল নেতা হাফিজুল রহমান ওরফে লিটন। ওই গোলমালের সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এ ছাড়াও রাজারহাট এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি-সহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি।
তিন থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিরও তদন্ত চলছে। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ।

