দিল্লিতে বায়ুসেনা কমান্ডারদের সম্মেলনে রাজনাথ সিং, উদ্বোধন করলেন নিজস্ব এআই অ্যাপ্লিকেশন

নয়াদিল্লি, ১৩ নভেম্বর : দিল্লিতে বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার (আইএএফ) শীর্ষ কমান্ডারদের সম্মেলনে যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্মেলনে দেশের শীর্ষ বায়ুসেনা আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং উদীয়মান নিরাপত্তা ঝুঁকির মোকাবিলায় বায়ুসেনার অভিযানগত প্রস্তুতি (অপারেশনাল রেডিনেস) আরও জোরদার করার আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে, শত্রুপক্ষকে চমকে দেওয়ার কৌশল (এলিমেন্ট অব সারপ্রাইজ), প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় (জয়েন্টনেস)—এই তিনটি বিষয়ই বর্তমান সময়ে ভারতীয় বায়ুসেনার সাফল্যের মূল চাবিকাঠি।

এদিনের সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার নিজস্ব উদ্যোগ ‘উড়ান’-এর মাধ্যমে তৈরি একাধিক ইন-হাউস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক সূচনা করেন। বায়ুসেনার সামরিক অভিযান (অপারেশনস), প্রশাসনিক কাজকর্ম এবং অ্যারোস্পেস বা বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও নিখুঁত করে তুলতেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাপ্লিকেশনগুলি তৈরি করা হয়েছে।

সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব, দেশের আকাশসীমা রক্ষায় তাঁদের অতন্দ্র প্রহরা এবং আত্মনির্ভর ভারত গঠনে দেশীয় প্রযুক্তির ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির দ্রুত অন্তর্ভুক্তি এবং স্থল, নৌ ও বায়ুসেনার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *