আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্স যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 নয়াদিল্লি, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১-তম আসিয়ান-নেতৃত্বাধীন পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন প্রক্রিয়া বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে ফিলিপিন্স-এর ম্যানিলায় যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, এই সফর আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, আসিয়ানের ১১টি সদস্য দেশের সকলের সঙ্গেই ভারতের উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আসিয়ান ভারতের ‘অ্যাক্ট ইস্ট নীতি’র কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 সফরের প্রথম দিনে ম্যানিলায় সফররত রাষ্ট্রনেতাদের জন্য রাষ্ট্রপতি মার্কোসের আয়োজিত একটি নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরের দিন তিনি আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন প্রক্রিয়া বৈঠকে অংশগ্রহণ করবেন। এই সফরকালে তিনি অন্যান্য নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। তিনি জানান, এ বছরের পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আসিয়ানের সভাপতি ফিলিপাইনের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *