১ হাজার টাকায় সৌরবিদ্যুৎ, পুজোর আগেই শুরু ‘ইউএলএ’ প্রকল্প

আগরতলা, ১৭ আগস্ট  : গরিব বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড়সড় উদ্যোগ নিতে চলেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। ইউটিলিটি লিড এগ্রেগেশন মডেলের মাধ্যমে মাত্র এক হাজার টাকার বিনিময়ে স্বল্প খরচে সৌরবিদ্যুৎ পাওয়ার সুযোগ করে দেওয়া হবে রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের। প্রথম পর্যায়ে রাজ্যের দেড় লক্ষ গ্রাহককে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে আগরতলা পুর নিগম এলাকার ৮ হাজার গ্রাহক রয়েছেন।

সোমবার আগরতলা পুর নিগমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত কাউন্সিল বৈঠক শেষে এই কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, দুর্গাপূজার আগেই এই প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, বর্তমানে রাজ্যে মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ১০ লক্ষ ৬৮ হাজার। এর মধ্যে প্রায় ৪ লক্ষ গ্রাহক মাসে ৫০ ইউনিটেরও কম বিদ্যুৎ ব্যবহার করেন। এই গ্রাহকদের আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশ হিসেবে চিহ্নিত করে তাঁদের জন্যই বিশেষ এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে ‘ইউএলএ’ বা ইউটিলিটি লিড এগ্রেগেশন মডেলে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে চিহ্নিত চার লক্ষ দরিদ্র বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, গোটা প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় দেড় লক্ষ গ্রাহককে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। আগরতলা পুর নিগম এলাকায় প্রথম পর্যায়ে চিহ্নিত ২৭ হাজার দরিদ্র গ্রাহকের মধ্যে ৮ হাজার গ্রাহক এই সুবিধা পাবেন।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের আটটি জেলার জন্য আটটি পৃথক টেন্ডার গ্রহণ করা হয়েছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। এর ফলে একযোগে বিভিন্ন জেলায় কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

রতনলাল নাথ বলেন, দুর্গাপূজার আগেই প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন দরিদ্র পরিবারের বিদ্যুৎ খরচের বোঝা কমবে, অন্যদিকে রাজ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারও বাড়বে।

বিদ্যুৎ মন্ত্রীর দাবি, গোটা প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে দরিদ্র গ্রাহকদের স্বল্প খরচে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

পুর নিগমের বৈঠকে প্রকল্পের বাস্তবায়ন, উপভোক্তা নির্বাচন এবং কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের নিম্ন আয়ের হাজার হাজার পরিবারের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *