আগরতলা, ১২ আগস্ট: প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বামপন্থী তিন সংগঠন—এসএফআই, গণতান্ত্রিক নারী সমিতি এবং ডিওয়াইএফআই। বুধবার সংগঠনগুলির পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানার ওসির কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাজ্যে একের পর এক নারী নির্যাতন ও মহিলাদের উপর হামলার ঘটনা ঘটে চললেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রী অপহরণ ও গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠার পরও ঘটনার ২৪ ঘণ্টা পর অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
ডিওয়াইএফআই নেতৃত্ব সন্দীপন দেব বলেন, রাজ্যে পরপর নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ বহু ক্ষেত্রেই প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। কলেজছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের মতো ন্যাক্কারজনক অভিযোগের ক্ষেত্রে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা জরুরি।
তিনি অভিযোগ করেন, থানায় ঘটনার বিষয়ে অভিযোগ জানানোর ২৪ ঘন্টা পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাঁরা পূর্ব আগরতলা মহিলা থানার সামনে সমবেত হয়েছেন বলে জানান সন্দীপন দেব।
এদিনের ডেপুটেশনে সংগঠনগুলির পক্ষ থেকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, সমস্ত অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার এবং নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে পূর্ব আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনের নেতা-কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান। ঘটনাটি ঘিরে তদন্ত কতদূর এগিয়েছে এবং অভিযুক্তরা কবে গ্রেফতার হয়, সেদিকেই এখন নজর রয়েছে।

