আগরতলা, ১৫ জুলাই : রাজধানী আগরতলায় আমতলি থানার অন্তর্গত কাঠালতলি এলাকায় চার বছরের শিশুকন্যা এবং তাঁর মাকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এলাকার জনৈক গৃহবধূ তাঁর চার বছরের কন্যাকে গৃহশিক্ষকের বাড়ি থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কাঠালতলি বাজার এলাকায় পৌঁছালে একই এলাকার বাসিন্দা সাগর দাস তাঁদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তিনি আপত্তিকর ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতনের হুমকিও দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে গৃহবধূ বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে শিশুটির বাবাও স্ত্রী ও কন্যার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরিবারের দাবি, অভিযুক্তের আচরণে শিশুটিও মানসিকভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এমনকি সে তাঁর বাবার কাছে অভিযুক্তের অশালীন আচরণের অর্থ জানতে চেয়েছে, যা পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
এরপর মঙ্গলবার রাতেই শিশুটির বাবা আমতলি থানায় অভিযুক্ত সাগর দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সাগর দাস এলাকার একটি অবৈধ মদের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলেও পরিবারের দাবি।
ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একটি শিশুর সামনে এ ধরনের আচরণ সমাজে অত্যন্ত উদ্বেগজনক এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের ঘটনা রোধ করা প্রয়োজন।
এদিকে, আমতলি থানার পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছে যে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে প্রমাণ মিললে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

