ডিজিপি-র মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজা, বিজেপি ও মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে তুললেন বিরোধী দলনেতা

আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা পুলিশের  মহানির্দেশক (ডিজিপি)-র অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। সোমবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানোর পর মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, এই ঘটনায় বিজেপি এবং মুখ্যমন্ত্রী উভয়েই জনমনে প্রশ্নের মুখে পড়েছেন।

সোমবারই বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, গত সাড়ে আট বছরে রাজ্য প্রশাসনের অস্থিরতা এবং প্রশাসনিক পরিবেশের অবনতির প্রেক্ষাপটও এই ঘটনার সঙ্গে আলোচনায় উঠে আসা উচিত। পাশাপাশি তিনি প্রয়াত ডিজিপি-র মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

বিরোধী দলনেতার ওই মন্তব্যের জবাবে সোমবার প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়।  এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে জীতেন্দ্র চৌধুরী বলেন, রাজনৈতিক কারণজনিত কোনও ঘটনায় প্রশ্ন তোলা বিরোধী দলের দায়িত্ব। তবে যেখানে রাজনীতির কোনও অবকাশ নেই, সেখানে সিপিআই(এম) অযথা রাজনৈতিক রং দেয় না। তাঁর অভিযোগ, এ ধরনের প্রবণতা বরং বিজেপির মধ্যেই বেশি দেখা যায়।

জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, প্রাক্তন ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, বিজেপি এবং মুখ্যমন্ত্রীকে ঘিরেই এখন জনমনে প্রশ্ন উঠছে। তিনি অভিযোগ করেন, শাসক দলের নেতারা নিজেদের দায় এড়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করে পরিস্থিতি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন।

এদিকে, প্রাক্তন ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হয়। হাট-বাজার, অফিস-আদালত থেকে শুরু করে সামাজিক পরিসরেও বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে প্রকৃত ঘটনা সামনে আসে এবং সব ধরনের জল্পনার অবসান ঘটে।

উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।  শাসক ও বিরোধী— উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছে। ফলে ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে আগামী দিনেও রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *