আগরতলা, ৭ জুলাই : বর্ষাকালে ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাজ্যের কোথাও যাতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান, সেই লক্ষ্যেই মঙ্গলবার বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি, বর্ষাকালীন প্রস্তুতি, জরুরি পরিষেবা সচল রাখা এবং গ্রাহক পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুসহ নিগমের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও খোয়াই জেলার বিদ্যুৎ নিগমের আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎমন্ত্রী জানান, বর্ষাকালে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ঝড়, ভারী বৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা পুনর্বহাল করতে হবে। এজন্য বিদ্যুৎ নিগমের সব কর্মী ও আধিকারিককে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির বিষয়েও কঠোর অবস্থান নেন মন্ত্রী। তিনি নির্দেশ দেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধান করতে হবে এবং কোনও অবস্থাতেই গ্রাহকদের অযথা ভোগান্তির শিকার হতে দেওয়া যাবে না।
প্রিপেইড বিদ্যুৎ পরিষেবার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। রিচার্জ সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা যাতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সংস্থা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন মন্ত্রী। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর পরিষেবার মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত, স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান সম্ভব হবে।
এছাড়া হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দফতরসহ সব ধরনের জরুরি পরিষেবায় কোনও অবস্থাতেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে গৃহস্থালী ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
বৈঠকে ২৪ ঘণ্টা পরিষেবা সচল রাখা, বিদ্যুৎ বিল আদায়ের অগ্রগতি, গ্রাহকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বর্ষাকালে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিভাগের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি জরুরি সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল প্রস্তুত রাখার নির্দেশও দেন মন্ত্রী।
বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, বর্ষাকালকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি মেরামতি দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ট্রান্সফরমার, ক্যাবল, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হয়েছে। ফলে কোনও প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলেও দ্রুত তা পুনর্বহাল করা সম্ভব হবে বলে নিগমের আশা।
নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিদ্যুৎ নিগম গ্রাহকবান্ধব পরিষেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

