সিমনায় ৬৬ পরিবারের ২৫১ ভোটারের তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ৭ জুলাই : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে তিপ্রা মথা। সেই লক্ষ্যেই মঙ্গলবার সিমনা বিধানসভা কেন্দ্রের পঞ্চবটি বাজার কমিউনিটি হলে আয়োজিত যোগদান সভায় সমতল এলাকার ৬৬ পরিবারের মোট ২৫১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দেন। দলীয় নেতৃত্বের দাবি, জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি-র প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে এবং ক্রমশ আঞ্চলিক দল তিপ্রা মথার প্রতি সমর্থন বাড়ছে।

এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তথা সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসি-র এমডিসি রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথার সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তাঁরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি রবীন্দ্র দেববর্মা দাবি করেন, শুধু জনজাতি এলাকাই নয়, সমতল এলাকার বাঙালি ও হিন্দুস্থানী ভোটারদের মধ্যেও তিপ্রা মথার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। তাঁর কথায়, “মানুষ উন্নয়ন ও জনস্বার্থের রাজনীতিতে আস্থা রেখে তিপ্রা মথার সঙ্গে যুক্ত হচ্ছেন। বিজেপির প্রতি মানুষের মোহ ক্রমশ কাটছে এবং তাঁরা বিকল্প হিসেবে আঞ্চলিক শক্তিকে বেছে নিচ্ছেন।”

তিনি আরও বলেন, সিমনা বিধানসভা এলাকায় বিধায়ক বৃষকেতু দেববর্মার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই সমতল এলাকার বহু বাঙালি ও হিন্দুস্থানী পরিবার তিপ্রা মথার প্রতি আস্থা প্রকাশ করে দলে যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন।

রবীন্দ্র দেববর্মার দাবি, এই প্রবণতা শুধু সিমনাতেই সীমাবদ্ধ নয়। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষ জাতীয় দল ছেড়ে তিপ্রা মথায় যোগদান করছেন। আগামী দিনে সিমনা এলাকায় আরও বৃহত্তর যোগদান কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।

রাজনৈতিক মহলের মতে, টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সম্প্রসারণে জোর দিচ্ছে। সেই প্রেক্ষাপটে সমতল এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের তিপ্রা মথায় যোগদান আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *