এসসি-ওবিসি কর্পোরেশনে অনিয়মের অভিযোগ, ডেপুটেশন দিয়ে বিক্ষোভ কংগ্রেসের

আগরতলা, ২৯ জুন : তপশিলী জাতি (এসসি) ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মানুষের স্বার্থরক্ষায় একাধিক দাবিকে সামনে রেখে সোমবার এসসি ও ওবিসি কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি ডিপার্টমেন্ট। সংশ্লিষ্ট দুই কর্পোরেশনে দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের কল্যাণমূলক প্রকল্পে গাফিলতির অভিযোগ তুলে সরকারের হস্তক্ষেপও দাবি করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে ত্রিপুরা প্রদেশ এসসি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বিভিন্ন দাবি-সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং স্লোগানে মুখরিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে লেক চৌমুহনীস্থিত এসসি ও ওবিসি কর্পোরেশনের কার্যালয়ের সামনে পৌঁছায়।

সেখানে কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পরে একটি প্রতিনিধি দল কর্পোরেশনের আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেয়। স্মারকলিপিতে তপশিলী জাতিভুক্ত মানুষের স্বার্থসংশ্লিষ্ট সাত দফা এবং ওবিসি সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেতারা অভিযোগ করে বলেন, এসসি ও ওবিসি কর্পোরেশন তাদের মূল উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। তাঁদের দাবি, এই দুই কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চলছে। গরিব মানুষ, পড়ুয়া এবং সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি বাস্তবায়িত হওয়ার কথা, সেগুলির কোনও কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। ফলে প্রকৃত উপভোক্তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

নেতৃবৃন্দ আরও দাবি করেন, সংশ্লিষ্ট দুই কর্পোরেশনের আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যকলাপের নিরপেক্ষ তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এসসি ও ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ অর্থ ও প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্যও সরকারের কাছে জোরালো দাবি জানান তাঁরা।

কর্মসূচি চলাকালীন কর্পোরেশন চত্বরে কিছু সময় উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। উল্লেখযোগ্য সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থকের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *