সীমান্তের যুবসমাজকে স্বনির্ভর করার উদ্যোগ বিএসএফ-এর, বিলোনিয়া বিওপিতে চালু কম্পিউটার সেন্টার

বিলোনিয়া, ২৮ নভেম্বর  : সীমান্ত এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা এবং দেশের বিভিন্ন সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ-এর ৪৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শনিবার বিলোনিয়া বিওপিতে আয়োজিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন সীমান্ত এলাকার তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের লক্ষ্যে উৎসাহিত করা হয়, অন্যদিকে তাঁদের প্রশিক্ষণ ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিএসএফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ৪৩ নম্বর বাহিনীর ডিআইজি রাজকুমার, কমান্ড্যান্ট এম রবিন্দর, অতিরিক্ত জেলাশাসক হাবিজ উদ্দিন সহ বিএসএফ-এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় ৪৩ নম্বর বাহিনীর অধীন বিভিন্ন বিওপিতে এসএসসি জিডি, অগ্নিবীর সহ দেশের বিভিন্ন সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণকারী যুবক-যুবতীদের হাতে পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল বই, খাতা, স্কুল ব্যাগ। পাশাপাশি শারীরিক প্রশিক্ষণের সুবিধার্থে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ট্র্যাকস্যুট ও জুতো। প্রশিক্ষণ গ্রহণকারী যুবক-যুবতীদের উৎসাহিত করতে তাঁদের শংসাপত্রও প্রদান করা হয়।

এদিন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা প্রশিক্ষণরত যুবক-যুবতীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। সামরিক বাহিনীতে যোগদানের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন আধিকারিকরা।

এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিলোনিয়া বিওপিতে একটি নতুন কম্পিউটার সেন্টারের উদ্বোধন। বিএসএফ-এর ডিআইজি রাজকুমারের হাত ধরে এই কম্পিউটার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সীমান্ত এলাকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত প্রস্তুতির ক্ষেত্রে স্থানীয় যুবসমাজ বিশেষভাবে উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিএসএফ আধিকারিকদের বক্তব্য, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করাও বাহিনীর অন্যতম দায়িত্ব। বিশেষ করে যুবসমাজকে সঠিক দিশা দেখিয়ে কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সীমান্ত এলাকার বহু যুবক-যুবতীর মধ্যে প্রতিভা ও সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ থাকলেও উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে অনেক সময় তাঁদের পিছিয়ে পড়তে হয়। বিএসএফ-এর এই উদ্যোগ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে তরুণ প্রজন্মকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রেও এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিশেষ তাৎপর্যপূর্ণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *