গণ্ডাছড়া, ২৮ নভেম্বর : ভিবি-জিরামজি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল ধলাই জেলার গণ্ডাছড়া। পরপর দু’দিন ডুম্বুরনগর ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর শনিবার ফের প্রকল্পের কাজ বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পথে নামলেন শ্রমিকদের একাংশ। লক্ষ্মীপুর টিটিএএডিসি ভিলেজের শ্রমিকদের পথ অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গণ্ডাছড়া-অমরপুর সড়কের যান চলাচল। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে রাস্তার দু’দিকে আটকে পড়ে অসংখ্য ছোট-বড় যানবাহন। চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ঘটনার বিবরণে জানা যায়, সদ্য সমাপ্ত হয়েছে ভিলেজ কমিটির নির্বাচন। ইতিমধ্যে প্রতিটি টিটিএএডিসি ভিলেজের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের সেই ব্যস্ততা কাটতে না কাটতেই এবার রেগার কাজ বণ্টন এবং শ্রমিকদের মজুরি প্রদান নিয়ে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়েছে গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায়।
অভিযোগ, ডুম্বুরনগর ব্লকের অধীন বিভিন্ন টিটিএএডিসি ভিলেজে কাজ বন্টনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছে। এমনকী কাজ করেও একাংশ শ্রমিক তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে গত বুধবার ও বৃহস্পতিবার পরপর দু’দিন ডুম্বুরনগর ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন টিটিএএডিসি ভিলেজের শ্রমিকরা। ব্লক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম বন্ধের দাবি জানান। পরে তদন্তের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা ব্লকের তালা খুলে দেন এবং তালাবন্দি কর্মীদের মুক্ত করেন।
কিন্তু সেই আশ্বাসের পরও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের একাংশের। শনিবার ফের নতুন করে বিক্ষোভে শামিল হন লক্ষ্মীপুর টিটিএএডিসি ভিলেজের শ্রমিকদের একাংশ। তাঁদের অভিযোগ, লক্ষ্মীপুর এলাকায় রেগা তথা ভিবি-জিরামজি প্রকল্পের কাজ নিয়ম মেনে সমস্ত শ্রমিকের মধ্যে বন্টন করা হচ্ছে না। বিশেষ করে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থক শ্রমিকদের কাজ দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন অবরোধকারীরা। তাঁদের আরও দাবি, অনেক শ্রমিক কাজ করেও দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা পাচ্ছেন না।
এই সমস্ত অভিযোগের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে গণ্ডাছড়া-অমরপুর সড়কের গাছবাগান এলাকায় পথ অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধকারীদের দাবি, কোনও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, নিয়ম মেনে প্রত্যেক যোগ্য শ্রমিককে কাজ দিতে হবে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে কাজ করেছেন, তাঁদের বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দিতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ বণ্টন এবং প্রকল্পের অনিয়মের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তাঁরা।
এদিকে, সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকে পড়েন বহু যাত্রী। নিত্যপ্রয়োজনীয় কাজে বেরিয়ে পড়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের যাত্রীদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, নেতৃত্বস্থানীয় রতনবিকাশ চাকমা এবং বিজেপি নেতা বিকাশ চাকমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ডুম্বুরনগর ব্লকের প্রতিনিধি প্রকাশ সরকারও সেখানে উপস্থিত হন।
এরপর অবরোধকারী শ্রমিকদের সঙ্গে জনপ্রতিনিধি, প্রশাসনিক প্রতিনিধি ও অন্যান্য নেতৃত্বের দীর্ঘক্ষণ আলোচনা চলে। শ্রমিকদের অভিযোগ ও দাবিদাওয়া শোনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। এর পরই গণ্ডাছড়া-অমরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘক্ষণ আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারেন যাত্রীরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ।
তবে একের পর এক বিক্ষোভ, ব্লকের মূল ফটকে তালা ঝোলানো এবং ফের পথ অবরোধের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ভূমিকা নিয়ে। শ্রমিকদের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অনিয়ম চিহ্নিত করা হবে কি না, কাজ করেও যাঁরা মজুরি পাচ্ছেন না তাঁদের পাওনা কবে মিলবে, আর কাজ বন্টনে স্বচ্ছতা ফিরবে কবে—এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।
একদিকে কাজ ও মজুরি নিয়ে শ্রমিকদের ক্ষোভ, অন্যদিকে সেই ক্ষোভের জেরে বারবার অবরুদ্ধ হচ্ছে জনপথ। প্রশাসনের আশ্বাসের পরও যদি সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষকে আর কতদিন এভাবে দুর্ভোগের শিকার হতে হবে—সেই প্রশ্নই এখন গণ্ডাছড়ার সর্বত্র।

