অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে পরিবারের আপত্তি

আগরতলা, ৩ আগস্ট : রাজধানী আগরতলায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে জনৈক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর পর ময়নাতদন্তকে কেন্দ্র করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মৃতার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, খুমুলুঙের রাধাপুর থানাধীন বেলবাড়ি ব্লকের রাধামোহন চৌধুরীপাড়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা কবিতা দেববর্মাকে রবিবার বিকেল প্রায় ৫টা ৫ মিনিটে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খুমুলুঙ হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ময়নাতদন্ত বাধ্যতামূলক হওয়ায় চিকিৎসক বিষয়টি পশ্চিম মহিলা থানাকে জানান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছালে মৃতার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির সদস্যরা ময়নাতদন্তে আপত্তি জানান এবং মরদেহ নিয়ে যেতে চান।

এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পরিবারের সদস্যদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করে। পরে পুলিশ আধিকারিকরা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের আইনি প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বোঝান। দীর্ঘ আলোচনার পর পরিবারের সদস্যরা ময়নাতদন্তে সম্মতি দেন।

এরপর রবিবার রাতেই মরদেহটি জিবিপি হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার সকালে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কবিতা দেববর্মার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রয়োজনীয় আইনানুগ তদন্তও চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *