সাব্রুম, ২৭ নভেম্বর : নগর নির্বাচনের দিন যখন ভোটগ্রহণ নিয়ে ব্যস্ত ছিল গোটা মহকুমা, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সাব্রুম মহকুমার হরিনা বাজারের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সংঘটিত এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে গোটা বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি আরও তিনটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে একটি মিষ্টির দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা বাজারের রঞ্জিত দেবনাথের মিষ্টির দোকান এবং বাপ্পি দেবনাথের রেস্টুরেন্টে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং মুহূর্তের মধ্যে দোকান দুটিকে গ্রাস করে নেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী। তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম, সঞ্চয় এবং ব্যবসার পুঁজি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তবে ক্ষয়ক্ষতি শুধু ওই দুটি দোকানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি দোকানে। বিপুল দেবনাথের ‘লোকনাথ ফুড হাউস’-এ রাখা ব্রয়লার, মাছ, গবাদি পশু ও শূকরের খাদ্যসামগ্রী আগুনের তাপ এবং পরবর্তীতে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। একইভাবে শুভঙ্কর দেবনাথের মুদি দোকানের বিভিন্ন মালামাল এবং নিরঞ্জন দাসের হার্ডওয়্যার দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে অগ্নিকাণ্ডের জেরে একসঙ্গে পাঁচজন ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এই ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে বড় স্বস্তির বিষয় ছিল দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাব্রুম ফায়ার সার্ভিস এবং মনু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়। পরবর্তীতে নতুন চালু হওয়া মনুবনকুল ফায়ার স্টেশন থেকেও একটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও তার আগেই সাব্রুম ও মনু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দমকল কর্মীদের এই দ্রুত ও সময়োপযোগী তৎপরতার ফলে গোটা বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই দূর হয়। পাশাপাশি বড় ধরনের প্রাণহানি বা আরও ব্যাপক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। দমকল বাহিনীর এই ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে এবং সাব্রুম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ আধিকারিক অর্জন চাকমা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আসে।
এদিকে, অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে যান ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রূ মগ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাষ লোধ। তাঁরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করেন। আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা শুনে তাঁরা সমবেদনা জানান।
সব মিলিয়ে নগর নির্বাচনের দিন হরিনা বাজারের এই অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে দোকানই যখন পরিবারের অন্নসংস্থানের একমাত্র অবলম্বন, তখন এমন অগ্নিকাণ্ড তাঁদের জীবনে কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে হরিনা বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সর্বস্বান্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মহকুমা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহলের একাংশ। তাঁদের বক্তব্য, দমকল বাহিনীর তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জীবিকা পুনরায় গড়ে তুলতে প্রশাসনের মানবিক ও কার্যকর উদ্যোগ এখন অত্যন্ত জরুরি।

